প্রত্নসম্পদ ও লোকসাহিত্য সংগ্রাহক হাবিবুল্লা পাঠান আর নেই

উয়ারি-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ, লোকসাহিত্য সংগ্রাহক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক-গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ মার্চ) ঈদের দিন বেলা সাড়ে ১১টায় নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামে নিজবাড়িতে তিনি মারা যান।
বিজ্ঞাপন
মৃত্যুকালে মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও পাঁচ নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুহাম্মদ হাবিবুল্লা পাঠান দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। গত দেড় মাস আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার ফুসফুসের ক্যানসারের চতুর্থ পর্যায় চলছিল। তাকে মুখে খাবার বা ওষুধ খাওয়ানো যাচ্ছিল না। তার শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে আনা হয়। আজ বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
১৯৩৯ সালের ৭ ফেব্রুয়ারি নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। তার পিতার নাম হানিফ পাঠান ও মাতা মেহেরুন্নেসা। হানিফ পাঠান ছিলেন একজন লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাদ সংগ্রহকারী হানিফ পাঠানই প্রথম প্রত্নস্থান উয়ারী-বটেশ্বরকে জনসমক্ষে তুলে ধরেন। পিতার হাত ধরে হাবিবুল্লাহ প্রত্নসংগ্রহ এবং গবেষণায় আগ্রহী হয়ে উঠেন। ১৯৫৫ সালে অষ্টম শ্রেণিতে পড়াবস্থায় তিনি পিতার সাথে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থলের গবেষণায় সাহায্য করা শুরু করেন। তাদের প্রচেষ্টায় এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপ করা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে ২০০০ সালে উয়ারী-বটেশ্বর খননেন কাজ শুরু হয়।
বিজ্ঞাপন
তারা পিতাপুত্র মিলে ‘বটেশ্বর প্রত্ন সংগ্রহশালা ও গ্রন্থাগার’ নামে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন। ওই জাদুঘরে তিন হাজার বছরের বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এ অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য বই, ঐতিহাসিক সাময়িকী ও স্মারক।
২০০৯ সালে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান বাংলা একাডেমির ফেলো নির্বাচিত হন। ২০১৩ সালে সূফী মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠান লিখিত উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে নামক গবেষণাগ্রন্থটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করে। ২০২০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
মুহাম্মদ হাবিবুল্লা পাঠান লিখেছেন ১৬টি বই। এগুলো হল, নরসিংদীর কবি সাহিত্যিক (১৯৮৬), নরসিংদীর লৌকিক খেলাধুলা (১৯৮৮), প্রত্নতাত্ত্বিক নিদর্শন: উয়ারী বটেশ্বর (১৯৮৯), বাংলাদেশের লোককাহিনী, ১ম খণ্ড, নরসিংদী (১৯৯৬), বাংলাদেশের লোককাহিনী, ২ম খণ্ড, নেত্রকোনা (১৯৯৭), বাংলাদেশের লোককাহিনী, ৩ম খণ্ড, ব্রাহ্মণবাড়িয়া (১৯৯৮), নরসিংদী ও গাজীপুরের লোকঐতিহ্য বিবাহ ও মেয়েলী ছড়া-গীত (২০০০), বাংলাদেশের প্রাচীনতম বন্দর নগরী উয়ারী বটেশ্বর (২০০৫), বাংলাদেশের ভাটকবি ও কবিতা, ১ম খণ্ড (২০১২), বাংলা প্রবাদে লোককাহিনী (২০১২), উয়ারী বটেশ্বর শেকড়ের সন্ধানে (২০১২), নরসিংদীর স্থাননাম উৎস ও বৈশিষ্ট্য সন্ধান (২০১৬), নরসিংদীর লোককবি (২০১৮), বাংলাদেশের লোকসাহিত্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ (২০২০), সেকালের মাসিক পত্রিকা সবুজপল্লী (২০২২) ও বাংলাদেশের ভাটকবি ও কবিতা, ২ম খণ্ড (২০২২)।
বিজ্ঞাপন
মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের জানাজা শনিবার বাদ আসর বিকেল সাড়ে ৫টায় বটেশ্বর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এসএইচএ