চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনার পর থেকে মেইল ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে আছে।
ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করবে।
তিনি আরও জানান, ঈদের দিন মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করে। ঈদের পরদিন থেকে সব ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করে। যেহেতু ঈদের দিন রাতে দুর্ঘটনা ঘটেছে, সেহেতু কোথাও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন আটকে থাকার ঘটনা ঘটেনি। ঢাকা এবং চট্টগ্রাম থেকে শিডিউল অনুযায়ী যেসব ট্রেন ছাড়বে, সেগুলো কুমিল্লায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে। আশা করা হচ্ছে, ততক্ষণে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।
প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ৭ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এমএসএ