যশোরে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

যশোরের ভিআইপি চৌগাছায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আলমগীর (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২২ মার্চ) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলমগীর চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে চৌগাছা উপজেলার মাশিলা লক্ষ্মণপুর বিজিবি ক্যাম্পের পাশে স্থানীয় লোকজন চোর সন্দেহে আলমগীর নামে ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কিছু লোক তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার অভিজিৎ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি এবং কাউকে আটকও করা যায়নি। আলমগীর নামে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তারা অনেক পরে জেনেছেন বলে জানান।
রেজওয়ান বাপ্পী/এসএইচএ