ফেসবুকে পরিচয় থেকে প্রেম, বিয়ের এক বছর পর গৃহবধূর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফেসবুকে পরিচয় থেকে প্রেম এবং তারপর বিয়ে হয় এক দম্পতির। তবে বিয়ের এক বছরের মধ্যে মিম আক্তার (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত মীম আক্তার উপজেলার টেংগারচর ইউনিয়নের বরইকান্দি ভাটেরচর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। তিনি স্বামী কিবরিয়ার সঙ্গে বালুয়াকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কিবরিয়া পেশায় একজন জাহাজ শ্রমিক।
নিহতের স্বামী কিবরিয়া বলে, প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয়ের পর ভালোবেসে মিমকে বিয়ে করেন। মিম একা থাকতে ভয় পেত এবং গত কয়েক মাস ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিল। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও অবস্থার উন্নতি হয়নি। ঘটনার আগের রাতে কর্মস্থলে যাওয়ার সময় আমি শাশুড়িকে বাসায় এসে থাকার জন্য অনুরোধ করি। পরে সকালে কর্মস্থলে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যুর খবর পাই।
বিজ্ঞাপন
নিহতের মা আছিয়া খাতুন বলেন, মেয়ের জামাতা কিবরিয়ার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। ভালোবেসেই তাদের বিয়ে হয়েছিল। সোমবার রাতে মেয়ের জামাই তাকে বাসায় আসতে বললেও বেশি রাত হয়ে যাওয়ায় আমি যেতে পারিনি। পরে মঙ্গলবার ভোরে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরে প্রবেশ করে মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মেয়ের দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ব. ম শামীম/আরকে