বরিশালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃতরা হলো, পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে পাশের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএমকে