চুয়াডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালি (৫৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে শহিদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে দিবাগত রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর পূর্বে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।
বিজ্ঞাপন
নিহতের শ্যালক শাফায়েত সুজন ঢাকা পোস্টকে বলেন, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় তাদের চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেন। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাতে গুরুতর জখম হয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় প্রথমে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামের আরও দুইজন আহত হয়ে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, শরিকানা জমির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম ঢালী গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আফজালুল হক/আরকে