আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীতে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় লঞ্চটির রুট পারমিট ও সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. জাকী শাহরিয়ার।
এর আগে বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠী লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে লঞ্চ ও ট্রলারের মধ্যে এ মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে ঘুমন্ত অবস্থায় থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। পরে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নাসির ফকির (৩৬) ও রেজাউল হাওলাদারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, ভোররাতে নদীতে ঘন কুয়াশার কারণে লঞ্চচালক ট্রলারটি দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
বিজ্ঞাপন
পটুয়াখালীর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. জাকী শাহরিয়ার বলেন, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় বর্তমানে লঞ্চটির রুট পারমিট ও নির্ধারিত সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে লঞ্চটি ওই রুটে চলাচলের অনুমতি নেই। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প লঞ্চে পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রাথমিক যাচাই-বাছাই চলছে। বিষয়টি উচ্চপর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত কমিটি গঠনের নির্দেশনা পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সোহাইব মাকসুদ নুরনবী/আরএআর