রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পাইলট প্রকল্প আকারে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী প্রদান, খাল খনন ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাসিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, রাজশাহীর পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর পরিবেশকে আরও সুন্দর করতে সব ধরনের সহযোগিতা করা হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা অনেকটা ভালো, তবে বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে হবে। দক্ষিণ কোরিয়া, চীনসহ অনেক দেশে বর্জ্যকে কাজে লাগিয়ে গ্যাস ও জৈব সার প্রস্তুত করে সম্পদে রূপান্তর করা হয়েছে। সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে পাঠ্যক্রমে প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। স্কুল ছুটির পর সকল স্কুলের মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখতে নির্দেশনা দিয়েছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা স্কুলপর্যায় থেকে বাধ্যতামূলক করা হচ্ছে।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আমরা সেবক হিসেবে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা সবাই আন্তরিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
শাহিনুল আশিক/আরএআর