শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি তেল ঠিকই দিতেছি, যে তেল দিলে একটি পেট্রোল পাম্পের বেচতে একদিন বা দেড় দিন লাগতো, সেই তেল এখন দিলে দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। কই যায়? কই যায়?
বিজ্ঞাপন
তিনি বলেন, ১২ তারিখে ইলেকশনে জেতার পরে এবং ১৭ তারিখে শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না। এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে, তারপরে ইরান যুদ্ধে আমার যে কাজ এতো বেড়ে গেছে, দিন যদি ২৪ ঘণ্টা না হয়ে ৪৮ ঘণ্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাকে পেট্রোল পাম্প পাহারা দেওয়া লাগে, আবার ডিপোও পাহারা দেওয়া লাগে, যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে। কারণ নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, সে কাজের প্রতি খুবই নিষ্ঠাবান। অলরেডি মাটির নিচ থেকে কালকে যেয়ে তেল বের করে নিয়ে আসছে। খুঁটি থেকে আনেনি, চুরি করা তেল বের করে নিয়ে আসছে। আমরা যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় আছি, দায়িত্ব কি শুধু পুলিশের। খবরটা তো পুলিশকে দেওয়া যায় যে এই জায়গায় তেল আছে। তবেই তো অতন্দ্রপ্রহরী।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এছাড়াও জেলার মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান/আরএআর