বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে হামলা-অগ্নিসংযোগ, নিহত ১

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ দুই বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী হামলার ঘটনা ঘটেছে। এ সময় রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছে। এছাড়া ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে প্রায় ৯টা পর্যন্ত এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। হামলাকারীরা সংগঠিত ও সক্রিয় থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘদিন ধরে চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলম গ্রুপের মধ্যে জায়গা জমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে গত ২৮ জানুয়ারি চিংগড়িয়া গ্রামের লিচুতলা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন মারা যান। ওই ঘটনার জেরে আজকের সংঘর্ষে মনজুরুল আলম গ্রুপের রাজিব শেখ নিহত হয়।
বিজ্ঞাপন
মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিশ্বাস বাড়ির সন্ত্রাসী বাহিনী আমাদের শেখ বাড়ির প্রায় ৩০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তারা ঘরে থাকা সোনাদানা, নগদ টাকা-পয়সাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে আমাদের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী মো. রিপন শেখ বলেন, আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমাদের বংশের ২০ থেকে ৩০টি বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ও দোকান ঘরে হামলা চালায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে, ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
মোহাম্মদ মিলন/এসএইচএ