বিজ্ঞাপন

রাজবাড়ীতে ওসির উপস্থিতিতে তেল বিক্রি

অ+
অ-
রাজবাড়ীতে ওসির উপস্থিতিতে তেল বিক্রি

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে গ্রাহকদের অতিরিক্ত চাপের কারণে বিশৃঙ্খলা এড়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে গ্রাহকদের মাঝে তেল সরবরাহ করা হয়। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজবাড়ীর পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এই চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী পৌর শহরের কাজী ফিলিং স্টেশন, পলাশ ফিলিং স্টেশন ও রাজবাড়ী ফিলিং স্টেশন রয়েছে। এই তিনটির মধ্যে শুক্রবার দুপুরের পর থেকে শুধু পলাশ ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল দেওয়া হয়। খবর পেয়ে জেলা শহরের হাজারো মোটরসাইকেল তেল নিতে ভিড় করে। গ্রাহকদের চাপের কারণে পাম্পে বিশৃঙ্খলা তৈরি হলে থানার ওসির উপস্থিতিতে শুরু হয় তেল বিক্রি।

পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশে তেল সংকট সৃষ্টি হয়। এ কারণে আমরা ফিলিং স্টেশনগুলো চাহিদার তুলনায় কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছি না। যার কারণে গ্রাহক পর্যায়ে সরবরাহ করতে পারছি না। এতে গ্রাহকরা তেল না পেয়ে পাম্পে বিশৃঙ্খলা তৈরি করেন। আজ আমরা ২ হাজার লিটার অকটেন পেয়েছিলাম। দুপুরের পর থেকে দেওয়া শুরু করেছি। গ্রাহকদের চাপ অতিরিক্ত। এ কারণে নিরাপত্তার স্বার্থে খবর দিয়ে পুলিশ আনা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, সারাদেশের মতো রাজবাড়ীতেও তেল সংকট। কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পাওয়াতে ফিলিং স্টেশনের মালিকরা গ্রাহক পর্যায়ে তেল সরবরাহ করতে পারছেন না। শুক্রবার দুপুরের পর পলাশ ফিলিং স্টেশনে অকটেন দেওয়া শুরু হলে গ্রাহকদের চাপ বেড়ে যায়। ফলে বিশৃঙ্খলা ঠেকাতে আমিসহ থানার তদন্ত ওসি ও একটি টিম এখানে আসি।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/রাজবাড়ী

বিজ্ঞাপন