কুমিল্লার বরুড়ায় চলন্ত মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে দুর্ঘটনায় হাবিবুর রহমান নামে (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বরুড়ার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান ও তার স্ত্রী ফারজানা আক্তার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এমএন
