কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএনপি নেতার ছেলে এরশাদুল হক ড্রামে রেখে এসব পেট্রোল অধিক মূল্যে বিক্রি করতেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহান ও তার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদুল হকের বাড়ির গোয়ালঘরে ড্রামে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়াল ঘরে ড্রামে পেট্রোল ও তেল জব্দ করা হয়। অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী আদালত এরশাদুল হকের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরশাদুল হক বাড়িতে না থাকায়। তার ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন।
অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, আমাদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য ড্রামে কিছু পেট্রোল রাখা ছিল। কিন্তু প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি বাড়িয়ে প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন ১০ হাজার টাকা জরিমানা করেছে।
তিনি আরও বলেন, আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের সময় রাজনীতি করেছে। বাজারে তার তেলের দোকান আছে।
বিজ্ঞাপন
তবে নিজেদের মোটরসাইকেলের জন্য বসতবাড়িতে ড্রামে করে তেল সংরক্ষণ প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি হারুন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় ১০ হাজার জরিমানা ও তেলের ড্রাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে।
মমিনুল ইসলাম বাবু/এমএন
