নীলফামারীর জলঢাকায় যাত্রীবেশে উঠে চালককে হত্যা করে অটোভ্যান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধান খেত থেকে মমিনুর ইসলাম (১৭) নামে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার সেচ ক্যানেলের পাশে ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মমিনুর ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পড়ালেখার পাশাপাশি মমিনুর ইসলাম বাবার অটোভ্যান চালাতেন। গতকাল বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে রাতের বেলা বাড়িতে ফিরে না আসলে স্বজনেরা তাকে খুঁজাখুঁজি করে সন্ধান পায়নি। আজ সকালের দিকে স্থানীয়রা ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ধান খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ধান খেতে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোভ্যান ছিনিয়ে নিয়েছে। বিষয়টি তদন্ত করছি, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।
বিজ্ঞাপন
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
