বিজ্ঞাপন

১০ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

অ+
অ-
১০ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। দীর্ঘ ছুটি শেষে শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বন্দরজুড়ে ফিরেছে আগের কর্মচাঞ্চল্য।

বিজ্ঞাপন

সকাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এতে করে বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদের ছুটির কারণে টানা ১০ দিন কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে আবারও উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে এবং কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রীদের পারাপারে কোনো বিঘ্ন ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ঈদের ছুটির মধ্যেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। কোনো ধরনের সমস্যা হয়নি।

অন্যদিকে, কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কিছু দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হয়েছিল। দীর্ঘ বিরতির পর বন্দর সচল হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

ইব্রাহিম খলিল/এসএইচএ