নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণপিটুনিতে গুরুতর আহত নিরব (২৬) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা এলাকার গনি মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতণ্ডা হয়। এর জেরে রোববার সকাল ১০টার দিকে নিরব, রাশেদ ও সোহাগ নামে দুই সহযোগীকে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এ সময় রুবেল মাঝিকে উদ্ধার করতে গেলে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন নিরব ও তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করতে এগিয়ে এসে নিরবকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় নিরবের সঙ্গে থাকা অন্য দুইজন পালিয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নিহত নিরবের স্বজনদের দাবি, অন্যায়ের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহানের সহযোগিতা কামনা করেন তারা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর নিরবের মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এসএইচএ
