চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের নওরিণ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের হিসাব দিতে না পারায় মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশনে পদ্মা ওয়েল কোম্পানি থেকে ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত চাহিদা মোতাবেক পেট্রোল, অকটেন ও ডিজেল উত্তোলন করেন। কিন্তু তার ওই ফিলিং স্টেশনে বিক্রির সঠিক তথ্য দিতে পারেনি। নওরিণ ফিলিং স্টেশনে তারা বিগত ১৬ দিনে (৯-২৪ মার্চ) পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির রেজিস্ট্রারও দেখাতে পারেননি। ক্রয় এবং বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নওরিণ ফিলিং স্টেশন মালিক মো. মিজানুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/এসএইচএ
