বিজ্ঞাপন

অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৩০ লিটার পেট্রোল সরকারি মূল্যে বিক্রি করে সেই অর্থ কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জামতৈল পশ্চিম বাজারের গোডাউন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ ওঠে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে আরও একজন ব্যক্তি একই দোকানে পেট্রোল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ করেন।

প্রথমে অভিযোগ অস্বীকার করলেও তল্লাশির একপর্যায়ে দোকান থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া গেছে। জব্দ করা পেট্রোল সরকারি মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নাজমুল হাসান/এসএইচএ