কুমিল্লায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সময় বগি তিনটি লাইনের ওপর রেখে প্রায় ১ কিলোমিটার দূরে চলে যায় ট্রেনটি।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশন এবং গুণবতী রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, নির্ধারিত সময় অনুযায়ী সিলেট থেকে চট্টগ্রামের দিকে এগুতে থাকে উদয়ন এক্সপ্রেস ট্রেন। সকাল ৬টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে আসে ট্রেনটি। বিরতির পর পুনরায় চালু করে হাসানপুর রেলস্টেশন ত্যাগ করে। মাঝখানে গার্ড ব্রেক বগিসহ তিনটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বগি তিনটি রেখেই প্রায় ১ কিলোমিটার দূরে চলে যায় ট্রেনটি। পরে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বগিগুলো ইঞ্জিনের সঙ্গে সংযোগ করে চট্টগ্রামের দিকে রওনা হয়।
বগি লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের অভিযোগ, চরম অব্যবস্থাপনার ফলে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। বগি ৩টি বিচ্ছিন্ন হলেও লাইনের ওপর দাঁড়িয়ে থাকায় শতশত যাত্রী প্রাণে বেঁচে ফিরেছেন। যদি কোনোভাবে লাইন থেকে বিচ্ছিন্ন হতো তবে ভয়ংকর প্রাণহানির শঙ্কা দেখা দিত।
বিজ্ঞাপন
এ বিষয়ে হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন বলেন, বুধবার সকাল ৬টা পাঁচ মিনিট সময় উদয়ন এক্সপ্রেস ট্রেন কুমিল্লা হাসানপুর রেলস্টেশন পার হয়। পরে হাসানপুর গুণবতীর মাঝখানে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুই ভাগ হয়ে যায়। তবে সেটি হাসানপুর রেলওয়ে স্টেশনের বাইরে। ট্রেনের কর্মচারীরা ট্রেন ঠিক করে আনুমানিক আধা ঘণ্টা পর ডাউন লাইন থেকে গাড়ি ছেড়ে যায়। ২০ মিনিট পর ডাউন লাইন দিয়ে গাড়ি যাতায়াত শুরু করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরিফ আজগর/আরএআর
