বিজ্ঞাপন

বরগুনায় সিমেন্টবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

অ+
অ-
বরগুনায় সিমেন্টবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

বরগুনার তালতলী উপজেলায় সড়কের ঢালে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালু ও সিমেন্টবোঝাই একটি ট্রলি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই ট্রলির চাকার নিচে চাপা পড়ে চালক মো. বেল্লাল প্যাদা (৩০) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তালতলী উপজেলার প্রধান সড়কের বগীরহাট ওয়াপদা নামক এলাকায় সড়কের ঢালে নামার সময় এ ঘটনা ঘটে। নিহত বেল্লাল প্যাদা তালতলীর ছোটবগী ইউনিয়নের বগীরহাট নামক এলাকার জলিল প্যাদার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক বেল্লাল তার ট্রলিতে বালু এবং সিমেন্টবোঝাই করে তালতলীর প্রধান সড়ক হয়ে যাচ্ছিলেন। পরে ওই সড়কের বগীরহাট ওয়াপদা নামক এলাকায় পৌঁছে সড়কের ঢালে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় ওই ট্রলির সামনের চাকার নিচে চাপা পড়েন চালক বেল্লাল। পরে স্থানীয়রা ছুটে এসে বেল্লাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ট্রলিচালক বেল্লালের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞাপন

আব্দুল আলীম/আরএআর