বিজ্ঞাপন

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

অ+
অ-
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত হানিফ ভূইয়ার ছেলে শাহ আলম ভূইয়া (৫০)।

নিহত শাহ আলমের বোন, সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলমের বোন সাবিনা আক্তার বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের ফুজাউরাহ আল-রিফা এলাকার একটি খামারে কাজ করতেন শাহ আলম ভূইয়া। বুধবার সকালে একটি ড্রোনের ধ্বংসাবশেষ এসে পড়ে শাহ আলমের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত শাহ আলম প্রায় ১০ বছর আগে দুবাই যান। মাজরা ভিসায় একটি মালিকানা খামারে কাজ শুরু করেন সেখানে। তার প্রথম স্ত্রীর সাপের কামড়ে মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রী প্রেমিকের হাত ধরে চলে যাওয়ায় তৃতীয় বিয়ে করেন শাহ আলম ভূইয়া। বর্তমানে তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। তার দুই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। বড় ছেলে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ছোট ছেলেটার বয়স ৬ বছর।

এদিকে দুবাইয়ের ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় সফলভাবে একটি ড্রোন প্রতিহত করেছে। ড্রোনটি ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়েছে। আর এই ঘটনার ফলে বাংলাদেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

শাহ আলমের বোন সাবিনা আক্তার বলেন, আমার ভাইয়ের লাশটা যেন ঠিকমতো বুঝে পাই, সেটাই সরকারের কাছে আবেদন করছি। আমার ভাই সেখানে মাজরা ভিসায় কাজ করতেন। খুবই সামান্য বেতন পেতেন। তা দিয়ে পরিবারের ভরণপোষণ চালাতো কোনোরকমে। সহায়সম্বলহীন আমার ভাইয়ের লাশটা যেন সরকার আমাদের কাছে এনে দেয়, আমাদের এটাই চাওয়া।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিষয়টি জানার পর আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

আরিফ আজগর/এএমকে

বিজ্ঞাপন