শরীয়তপুরের নড়িয়ায় অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে আনা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভোজেশ্বর বাজারে জুয়েল সরদার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে ডিজেল বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার রাতে তিনি অবৈধভাবে ৭ হাজার লিটার ডিজেল তেলবাহী লরির মাধ্যমে নিয়ে আসেন, যা বরিশালের ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। বিষয়টি প্রশাসনকে জানায় জাতীয় গোয়েন্দা সংস্থা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এ সময় জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল নিলাম করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ ব্যাপারে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের বরিশাল ডিপো ইনচার্জ মাজাহারুল ইসলাম বলেন, গত ৩০ তারিখের রিকুইজিশন অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ৭ হাজার লিটার ডিজেল দেওয়া হয়। কিন্তু তারা ঝালকাঠিতে না নিয়ে শরীয়তপুরে পাঠিয়েছে, সম্ভবত বেশি দামে বিক্রির উদ্দেশ্যে। ইতোমধ্যে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, ডিজেলগুলো বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার কথা ছিলো। তবে এই ব্যবসায়ী নিজের এলাকায় বিক্রির উদ্দেশ্যে অননুমোদিতভাবে নিয়ে আসেন, যা তিনি স্বীকার করেন। তাছাড়া আমরা পদ্মা ডিপোতে কথা বলে জানতে পেরেছি তারা ওই ডিজেল এখানে বিক্রি করেনি। যেহেতু তিনি অবৈধভাবে ডিজেল এনেছেন তাই পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিজেলগুলো আমরা জব্দ করেছি, যা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
নয়ন দাস/আরএআর
