মাদারীপুরে প্রেমিকার বাড়িতে বিয়ের স্বীকৃতি ও প্রিয় মানুষকে ফিরে পাওয়ার দাবিতে এক যুবকের অনশন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
অনশনে বসা ওই যুবক ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিৎ পাত্র (২৮)। তার প্রেমিকা পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈ। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে অনশনে বসেন বিশ্বজিৎ।
বিশ্বজিৎ দাবি করে বলেন, ১০ বছর আগে অনুশীলার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই প্রেম গড়ায় বিয়েতে। চার বছর আগে আমরা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করি। সেই সুবাদে আমি স্ত্রীর লেখাপড়ার জন্য ১৫-২০ লাখ টাকা খরচ করেছি। কিন্তু সম্প্রতি একটি চাকরিতে যোগদানের পর অনুশীলা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে এই অনশনে বসেন তিনি।
অনুশীলা বাড়ৈ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সঙ্গে বিশ্বজিতের সম্পর্ক ছিল। জোর করে কোর্ট ম্যারেজে স্বাক্ষর নেয়। আমি এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়েছি। এখন আর সংসার করার কোনো ইচ্ছা নেই।
বিজ্ঞাপন
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএমকে
