রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে আইসিইউয়ের শয্যা বাড়ানো হয়েছে। জেরিয়াট্রিক আইসিইউ থেকে ছয়টি শয্যা যুক্ত করে ১৮টি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।
বিজ্ঞাপন
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রামেক হাসপাতালে আইসিইউয়ের অভাবে শিশু মৃত্যুর বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। বর্তমানে রামেক হাসপাতালে শিশু আইসিইউয়ের ১৮টি শয্যার মধ্যে ১২টি হামের শিশু রোগীদের জন্য। এছাড়া বাকি ৬টি হাম ব্যতীত অন্যান্য শিশু রোগীর (Non-measles) জন্য ব্যবহৃত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আইসিইউ শয্যার চাপ কমাতে সাময়িকভাবে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউয়ের ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রামেক হাসপাতালের আইসিইউ থেকে একজন শিশুকে (Non-measles) উক্ত হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তর এর প্রক্রিয়া চলমান।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে শিশু ওয়ার্ডের আইসিইউ শয্যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে। সেখানে হাম ও হাম ব্যতীত শিশুদের চিকিৎসা দেওয়া হবে। রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউয়ের ১০টি বেড ব্যবহার করা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, রামেক হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্টাফ উক্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের প্রেরিত ভেন্টিলেটর ইতোমধ্যে আইসিইউতে ইনস্টল করা হয়েছে।
শাহিনুল আশিক/আরএআর
