বিজ্ঞাপন

১৬ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

অ+
অ-
১৬ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলভর্তি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে চলছে জোর তৎপরতা।

এর আগে বুধবার রাত প্রায় সোয়া ৯টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের শাহপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। ফলে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও পাশের খালে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর থেকে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি-৫৫) বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সচল করতে কাজ করছে।

বিজ্ঞাপন

সিলেট  রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানাজার নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে কিছু যাত্রী টিকিট রিফান্ড করেছেন। সিলেট থেকে ঢাকাগামী ট্রেন সকাল সোয়া ৬টার ট্রেন পিছেয়ে সকাল ৮ টা ৪৫ মিনিটে হয়েছে। আবার সাড়ে ১০টার চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি দুপুর ১২টায় সিলেট ছেড়ে গেছে। সাময়িকভাবে শিডিউল বিপর্যয় ঘটেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে খবর এসেছে, ট্রেনের অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা পুলিশি টিমসহ বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। রেললাইন দ্রুত সচল করতে আরও তৎপরতা চালানো হচ্ছে। আশা করছি, ঘণ্টা দুয়েকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মাসুদ আহমদ রনি/আরকে