কুমিল্লার দেবিদ্বারে ও চান্দিনার সীমান্তবর্তী একটি গোডাউনের দেয়াল ধসে পড়ে মো. আব্দুস সামাদ (৭০) নামের এক হোটেল ম্যানেজারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের শাকতলা-মাসিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি বাগুর বাস স্টেশনের সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান হোটেলের দক্ষিণ পাশে লাগোয়া ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’ এর একটি টিনের দোকানের গোডাউন রয়েছে। ওই গোডাউনের দেয়ালের সঙ্গে ঘেঁষে টিন রাখার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে দেয়ালটি ধসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে হোটেল ভবন ও টিনের গোডাউনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ।
ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালায়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী মোবারক জানান, গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল। দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ শব্দ করে দেয়ালটি ভেঙে পড়ে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, তাৎক্ষণিক আমরা এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। হোটেল ম্যানেজার ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে, তদন্ত করে বের করতে হবে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এসএইচএ
