গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের তিনজন কর্মকর্তাকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণের অভিযোগে অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহীন আলম (২৬), নয়ন মিয়া (৩৪), রবিন (৩০) দুলাল মিয়া (৩৩) ও মাহাবুব হোসেন (৩০)। তারা সকলেই শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বাসিন্দা।
কারখানার অন্যান্য কর্মকর্তারদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যার পর শ্রীপুর উপজেলার গাজীপুর ধনুয়া এলাকায় ডিবিএল গ্রুপের ওই কারখানার কাটিং শাখার কর্মকর্তা নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরূপ কুমার (৩৮) প্রধান ফটকের সামনে চা-নাস্তা খেতে যান। এসময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের তুলে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ওইদিন রাতেই পুলিশ কারখানার দুই কিলোমিটার দূরে ঈমন নামে এক ব্যক্তির বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে অবরুদ্ধ ও আহতাবস্থায় তাদের উদ্ধার করে। এসময় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর করা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে রাতভর অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে ওই রাতেই অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়। তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে। তাদের উদ্ধারের পর রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের মূলহোতা ইমনসহ আরও তিন সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
আশিকুর রহমান/এসএইচএ
