রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজারের একটি সার-কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাগদুলী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
জানা গেছে, অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগদুলী বাজারে ‘সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সেখানে সার-কীটনাশক বিক্রির পাশাপাশি তিনি অবৈধভাবে জ্বালানি তেলও বিক্রি করতেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। এছাড়া তিনি তেল বিক্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত তেল অভিযানের সময় উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ
