মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে তিন ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ সভাপতি সোহেল চৌকিদারের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এ ঘটনা ঘটে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, একই এলাকার সোবহান চৌকিদার, তার দুইভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার। অভিযুক্ত সোহেল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সদরের বিদ্যাবাগিস এলাকার সোবহান চৌকিদারের সঙ্গে সোহেল চৌকিদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে সন্ধ্যায় সোহেল লোকজন নিয়ে সোবাহানের ওপর অতর্কিত হামলা চালায়। সোবাহানকে বাঁচাতে তার দুইভাই এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। তিন ভাইয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তিনজনকেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএমকে
