বিজ্ঞাপন

ডাবের ভাগ নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

অ+
অ-
ডাবের ভাগ নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলায় প্রতিবেশীর গাছের ডাব পারাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মামুন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মামুন ওই গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে রাবেয়া নামে এক প্রতিবেশী মামুনকে ডেকে তার বাড়িতে নিয়ে যান ডাব পারার জন্য। সে সময় মামুন রাবেয়ার পাশাপাশি প্রতিবেশী আজিজুলের গাছ থেকেও ডাব পেড়ে দেন। পরে সেই ডাব একত্র করে উভয় পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আজিজুলের সঙ্গে বাকবিতণ্ডা হয় মামুনের। এর জেরে বৃহস্পতিবার মামুনের বাড়িতে গিয়ে ঘরের টিন ও তার অটোরিকশা ভাঙচুর করেন অভিযুক্ত আজিজুল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে মামুনকে বাড়ির পাশের একটি ইটভাটার পশ্চিম পাশে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় আজিজুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুর রহমান সাদী/এসএইচএ 

বিজ্ঞাপন