বিজ্ঞাপন

টিনশেড ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

অ+
অ-
টিনশেড ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টিনশেড ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে সাকিব মিয়া (১২) এবং রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)। সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন শামছুল ইসলাম নামে আরও একজন।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাওহীদ আনোয়ার রাসেল জানান, দুপুরে শামছুল ইসলামের সঙ্গে একটি নতুন টিনশেড ঘরের বেড়া নির্মাণ কাজে অংশ নেন সাকিব ও তার ফুফা আব্দুল জব্বার। কাজ করার সময় অসাবধানতাবশত টিনের বেড়া বাড়ির আঙিনায় থাকা বিদ্যুৎ লাইনের তারে আঘাত করে, এতে তারটি ছিঁড়ে যায়। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল জব্বার ও সাকিবকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( আ. স. ম. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এসএইচএ