মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালের দায়িত্বে থাকা ম্যানেজার মিরাজ হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাওছার আলম জানান, আজ বিকেলে কাজ শেষে বালুমহালের হিসাব করছিল মিরাজ। বালুমহালের একটি ড্রেজারেই বসা ছিলেন তিনি। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত স্পিডবোটে করে ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি মিরাজের শরীরে লাগে। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কাওছার আলম আরও জানান, সরকারি ইজারা নিয়ে বালুমহালটি পরিচালনা করছি। গত বুধবার (১ এপ্রিল) বিকেলের দিকে অজ্ঞাতনামা একটি মোবাইল নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আর আজকে আমার ম্যানেজারকে গুলি করে হত্যা করা হলো।
বিজ্ঞাপন
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বালু ব্যবসার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
সোহেল হোসেন/এসএইচএ
