মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুতকৃত প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
শনিবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার চিতলিয়া বাজারে ‘হিরন এন্টারপ্রাইজ’-এর মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটটি ড্রামে সংরক্ষিত ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ইউএনও মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, জ্বালানি তেলের মতো সংবেদনশীল পণ্য অবৈধভাবে মজুত করে বাজারে অস্থিরতা তৈরি কিংবা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ প্রশাসন দেবে না। এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় এবং বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। গতরাতে চিতলিয়া বাজার থেকে আমরা স্থানীয় মানুষের উপস্থিতিতে অবৈধভাবে মজুত করা প্রায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করেছি। এই ঘটনায় আমরা কাউকে আটক বা জরিমানা করতে পারিনি। তবে জব্দ করা ডিজেলের সঠিক বাজারমূল্য নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে সরকারি বিধি অনুসরণ করে নিলামের মাধ্যমে কৃষকদের মাঝে বিক্রি করা হবে। এ থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অবৈধ মজুত, কালোবাজারি কিংবা বাজারে কৃত্রিম সংকট তৈরির যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মাসুদ আহমদ রনি/এএমকে
