বিজ্ঞাপন

জুমার নামাজে গিয়ে উধাও এসআইয়ের মোটরসাইকেল

অ+
অ-
জুমার নামাজে গিয়ে উধাও এসআইয়ের মোটরসাইকেল

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে একটি মামলার তদন্তে গিয়ে মসজিদের বাইরে মোটরসাইকেল রেখে নামাজ পড়ছিলেন এক পুলিশ কর্মকর্তা। নামাজ শেষে বাইরে এসে দেখেন মোটরসাইকেল নেই। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজ আদায়ের সময় বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়তলা জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

ভুক্তভোগী এসআই ওহিদুর রহমান শ্রীপুর থানার সেকেন্ড অফিসার ও গয়েশপুর ইউনিয়নের বিট অফিসার হিসেবে কর্মরত।

জানা গেছে, একটি মামলার তদন্তের কাজে তিনি থানা থেকে বড়তলা গ্রামে যান। পরে জুমার নামাজের সময় হলে তিনি তার ব্যবহৃত বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল (লাইসেন্স নম্বর: ঢাকা মেট্রো ল-১৫১০১৫) মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

নামাজ শেষে বের হয়ে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের অবগত করেন তিনি।

এসআই ওহিদুর রহমান বলেন, শুক্রবার একটি মামলার তদন্তের কাজে বড়তলা গ্রামে আসি। জুমার নামাজের সময় হলে মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে যাই। নামাজ শেষে বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের জানাই।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের থানার কর্মরত এসআই ওহিদুর রহমানের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ব্যবহৃত মোটরসাইকেল এমনভাবে চুরি হওয়ায় সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা মনে করেন, এমন ঘটনা প্রতিরোধে এলাকায় টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে মসজিদ, বাজারসহ জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা।

তাছিন জামান/এসএইচএ