বিজ্ঞাপন

পথ হারানো সেই শিশুটি ফিরে পেল বাবা-মায়ের কোল

অ+
অ-
পথ হারানো সেই শিশুটি ফিরে পেল বাবা-মায়ের কোল

ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকা থেকে পথ হারানো আনুমানিক ৪ বছর বয়সী সেই শিশুকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোতোয়ালি থানা থেকে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে বুঝিয়ে দেওয়া হয়। 

বিজ্ঞাপন

এর আগে দুপুরে শিশুটিকে একা একা ঘোরাফেরা করতে দেখে পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তার বাবা-মায়ের নজরে আসে। পরে তারা কোতোয়ালি থানায় যোগাযোগ করে।

ওই শিশুর নাম আলভী ইসলাম আলিফ। তার বাবার নাম মো. রিপন হোসেন। তারা বরিশালের মুলাদী উপজেলা তুমচর গ্রামের বাসিন্দা। তবে তারা ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। শিশুটির বাবা ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকায় একটি হোটেল পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটিকে পাওয়ার পর আমরা সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করি। ওই প্রচার দেখে তার বাবা-মা আমাদের সাথে যোগাযোগ করে। পরে থানায় আসার পর তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওই শিশুর বাবা মো. রিপন হোসেন বলেন, দুপুরে আমি যখন বাসায় খেতে গিয়েছিলাম, খাওয়া শেষ করে দোকানে আসার পথে আমার বাচ্চা আমার পিছন পিছন বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। আমি খেয়াল না করায় সে জনতা ব্যাংক মোড় এলাকায় হারিয়ে যায়। আমার বাচ্চা হারানোর পর পাগলপ্রায় হয়ে গিয়েছিলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে দ্রুত থানায় যোগাযোগ করে বাচ্চাকে বুঝে পেয়েছি।

তিনি বলেন, আমার শিশু বাচ্চাকে খুঁজে পেতে যারা সহায়তা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

জহির হোসেন/এসএইচএ 

বিজ্ঞাপন