কুমিল্লার চান্দিনায় ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও জনতা। এতে মহাসড়কের চান্দিনা উপজেলায় অন্তত ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে চান্দিনার কাঠেরপুল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন চান্দিনা ও দেবিদ্বার উপজেলার কয়েকটি গ্রামের শত শত মানুষ।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। মহাসড়ক অবরোধের ফলে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। পরে এমপির পক্ষ থেকে ফুটওভার ব্রিজ বা বিকল্প সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান।
ঘণ্টাখানেক ধরে অবরোধ করে রাখার ফলে পশ্চিম দিকে মাধাইয়া এবং পূর্ব পাশে নিমসার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যানজট কাটতে শুরু করে। বেলা আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেছে।
বিজ্ঞাপন
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঢাকা পোস্টকে বলেন, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এর ফলে সামান্য যানজট সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরিফ আজগর/আরএআর
