বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং সংঘাত-রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন এ নির্বাচনকেও সমান গুরুত্ব দিয়ে দেখছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্কের সৃষ্টি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্তমানে চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, আনসার বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শফিকুল ইসলাম, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আহমেদ তমাল, রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
আব্দুল মোমিন/আরএআর
