বিজ্ঞাপন

করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর মিলল তরুণের মরদেহ

অ+
অ-
করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর মিলল তরুণের মরদেহ

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘণ্টা পর সজীব (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে সজীব নিখোঁজ হন। পরে সন্ধ্যা ৬টার দিকে নদীর গভীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সজীবসহ চারজন তরুণ করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব ও আরও একজন তরুণ গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা অপর দুইজন একজনকে উদ্ধার করতে পারলেও সজীব পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার চেষ্টা চালান। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট তল্লাশি চালিয়ে নদীর গভীর থেকে সজীবের মরদেহ উদ্ধার করে।

নিহত সজীবের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে। তার বাবার নাম মালেক। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় থাকতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। রোববার তার ঢাকায় ফেরার কথা ছিল।

পরিবার ও স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব। এ জন্য তিনি পাসপোর্ট ও ভিসাও করেছিল।

বিজ্ঞাপন

বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। প্রায় চার ঘণ্টা চেষ্টা করেও সফল হইনি। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

নুর হাসান/আরএআর

বিজ্ঞাপন