মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার গভীর রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড কুলপদ্দী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলপদ্দী বাজারটি এলাকার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাজার। প্রতিদিনের মতো শনিবার রাত ১১টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত আনুমানিক ২টার দিকে ‘লামিয়া ডিজিটাল সাউন্ড’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দেখতে পেয়ে স্থানীয় মসজিদের ইমাম দ্রুত আশপাশের লোকজনকে খবর দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ‘সুগন্ধা টেইলার্স’ ও ‘মোল্লা টেইলার্স’সহ তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত লামিয়া ডিজিটাল সাউন্ড-এর মালিক মাহামুদ কামাল বলেন, আমার দোকানে ছয়টি সাউন্ড বক্স, ৩৪টি মাইক, ১৯টি মাইকের সেট, তিনটি মিক্সার, পাঁচটি ইকো সেট, ৬০টি মাইক্রোফোন ও প্রায় ৪০০টি লাইটসহ অনেক মূল্যবান সরঞ্জাম ছিল। সবকিছু আগুনে পুড়ে গেছে। ধার-দেনা করে দোকান করেছিলাম। এখন কীভাবে ঋণ শোধ করব বুঝতে পারছি না।
বিজ্ঞাপন
সুগন্ধা টেইলার্স এর মালিক আল আমিন বলেন, দোকানে সেলাই মেশিন ও বিপুল পরিমাণ কাপড় ছিল। ঈদে বেচাকেনা কম হওয়ায় অনেক মাল অবিক্রীত ছিল। সব পুড়ে গেছে। আমার প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা কিস্তি দিতে হয়। এখন কীভাবে দেব জানি না।
মোল্লা টেইলার্স এর মালিক ইউসুফ মোল্লা জানান, প্রবাস থেকে ফিরে সব সম্পদ বিক্রি করে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু আগুনে সব হারিয়ে এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা জরুরি। বিশেষ করে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা হলে তারা পুনরায় ব্যবসা শুরু করতে পারবেন।
বিজ্ঞাপন
বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ খান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আমরা সবাই চেষ্টা করব।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এসএইচএ
