বিজ্ঞাপন

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অ+
অ-
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রবিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রবিন উত্তর চেলোপাড়ার মৃত মিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর কাজ শেষে বাড়ি ফিরছিলেন রবিন। পথে ফুলবাড়ি পাথার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চাপাতি ও একটি হকিস্টিক উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার মাস আগের একটি বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বিজ্ঞাপন

নিহতের ফুফাতো ভাই মো. টুটুল দাবি করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চার মাস আগে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

নিহতের স্ত্রী আলেমা খাতুন বলেন, এর আগেও আমার স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছিল। আজ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছোট একটি মেয়ে আছে, সে এখন কাকে বাবা বলে ডাকবে, আমি এই হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি সামনে এসেছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুল মোমিন/এএমকে

বিজ্ঞাপন