বিজ্ঞাপন

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার (৩৭) জামিন মঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন মঞ্জুর করেন ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু।

জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ক্ষণিকালয় নামে নিজ বাড়ি থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। আজ আদালতে তোলা হয়।

সাওদার বিরুদ্ধে করা মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, বিবি সাওদা তার ফেসবুক আইডিতে রাষ্ট্র ও সরকারি বিরোধী বিভিন্ন পোস্ট করায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) এবং তার মোবাইলটি জব্দ করা হয়েছে।  জিজ্ঞাসাবাদে ফেইসবুক পোস্টের সত্যতা স্বীকার করে তিনি জানান ফেইসবুকের ভিউ বৃদ্ধির জন্য সমসাময়িক এবং সরকার রাজনীতি, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। তিনি সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ এ শাস্তি যোগ্য অপরাধের সাথে জড়িত।

তার মোবাইল ফোন, ফেইসবুক পোস্টসমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিকভাবে সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম অনুসরণ পূর্বক ব্যবস্থা গ্রহণ পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখার জন্য আদালতে আবেদন করে পুলিশ।

খাইরুল ইসলাম/আরকে

বিজ্ঞাপন