বিজ্ঞাপন

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অ+
অ-
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গোরস্তান মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার আব্দুল আলিমের ছেলে জাহিদ (১৮)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। এ সময় মাইজবাগ গোরস্তান মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।

বিজ্ঞাপন

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী জাহিদ এবং অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সড়কের দুই পাশে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও তা নিরসনে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

আরএআর