রাঙামাটির বরকল উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগাছড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা এবং বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বাগাছড়ি এলাকার শান্তি চকমার মেয়ে ইনা চাকমা।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা পারিবারিক সম্মতিতে বিয়ে করতে চাইলেও তা মেনে নেওয়া হয়নি। সুভাষ কান্তি চাকমা পূর্বে বিবাহিত ছিলেন এই বিষয়টি জানাজানি হলে তরুণীর পরিবার বিয়েতে আপত্তি জানান। এতে করে তাদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন তৈরি হয়। যে কারণে গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কাপ্তাই হ্রদে পানি কম থাকায় তাৎক্ষণিকভাবে রাঙামাটির সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আরএআর
