সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।
স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার সকালে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে। এসময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান তাদের অফিসে আসেন। পরে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বনদস্যু নির্মূলে পুলিশ তৎপর রয়েছে। যৌথ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই যৌথ অভিযান চালানো হবে। আহত জেলের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ইব্রাহিম খলিল/আরকে
