গাজীপুরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সংবদ্ধ ডাকাতের আক্রমণে আসমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক নারী।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনার তার তদন্তে পুলিশ কাজ করছে।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে আনিস নামে এক নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে জানান পরিবারের সদস্যরা। নিহত আসমা আক্তারে গাজীপুর সদরের পিরুজালী মধ্যপাড়া এলাকার আনিছুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎবিহীন ছিল পুরো গ্রাম। ডাকাতরা বাড়িটিতে হানা দিলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। এসময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। বাধা দিলে আসমা আক্তারকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। আরও এক নারীকে গুরুত্বর আহতাঅবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এদিকে নিহতের স্বামী আনিস বাড়ির পাশের একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন এবং আসমা আক্তারের ছেলে সাকিব হোসেন পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী। ঘটনার সময় তারা দুজনেই কর্মস্থলে ছিলেন। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর বলেন, ওই রাতে বাড়িটিতে দুজন নারী ছিল। আর নিহত নারী আসমার স্বামী ও ছেলে কাজের উদেশ্যে কর্মস্থলে ছিল। ডাকাতরা তাদের একজনকে হত্যা করে অপরজনকে আহত রেখে পালিয়ে যায়।
আশিকুর রহমান/আরকে
