যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা হেরামন (৬০) এবং নাজমুল রোবেল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। নাজমুল রোবেল তার নতুন কেনা বাড়ি দেখাতে পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন নিহত নাজমুল রোবেলের নিকটাত্মীয় নিউইয়র্কে বসবাস করা ফারহানা পাপড়ি।
তিনি জানান, নিহত নাজমুল রোবেলরা দুই ভাই দুই বোন। বাবা-মাসহ পরিবারের সবাই ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে যান তারা। রোবেলের ছোট ফুফু রাজিয়া বেগম ১৯৯৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ২০০৪ সালে রাজিয়া তার ভাইয়ের পরিবারের সবার ভিসার জন্য আবেদন করেন। ২০১৮ সালে তাদের ভিসা অনুমোদন পায়। সেখানে যাওয়ার পর যে যার মতো যে কাজ পাচ্ছিলেন করছিলেন।
ফারহানা পাপড়ি বলেন, নাজমুল রোবেল সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। রোবেল অনেক সাহসী ছেলে ছিলেন। জীবনে অনেক কিছু করার স্বপ্ন ছিল তার। অনেক দেশ ভ্রমণের ইচ্ছে ছিল। সেই চিন্তা থেকে নিউইয়র্কের আলবানিতে ‘হলি বার্গার’ নামে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের জুনে বিয়ে করেন রোবেল। ২০২৫ সালের ডিসেম্বরে পরিবারের সবাই বাংলাদেশে এসে বিয়ের অনুষ্ঠান করেন ধুমধাম করে। পরে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার স্ত্রী বাংলাদেশেই থাকেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সম্প্রতি নিউইয়র্কের আলবানি এলাকায় ‘১১ বিল হির্চ রোডে’ একটি বাড়ি কেনেন রোবেল। সোমবার সেই বাড়িটি দেখতে বাবা-মা ভাই-বোন, ভাগ্নি এবং বন্ধু ফাহিমকে নিয়ে দুটি গাড়িতে করে যাচ্ছিলেন সবাই। রোবেলের গাড়িতে বাবা হেরামন, বোন রত্না, ভাগ্নি ইকরা এবং বন্ধু ফাহিম ছিলেন। অন্য গাড়িতে মা, ছোট ভাই এবং বোন ছিলেন। রোবেল তার গাড়িটা নিজেই চালাচ্ছিলেন। নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
প্রসঙ্গত, গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের সময় নিউইয়র্কের আলবানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হেরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবারে নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। অপর দুজন হলেন- নিহত নাজমুল রোবেলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭) এবং অপর গাড়িতে থাকা নিউইয়র্কের বাসিন্দা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও।
আরিফ আজগর/আরএআর
