নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের দায়ে মো. বেলায়েত হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি রূপালী ব্যাংক পিএলসির সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার সাবেক ব্যবস্থাপক।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত উক্ত শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন উপায়ে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন।
ঘটনাটি প্রকাশ্যে এলে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিজ্ঞাপন
মামলার শুনানি শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আরও ৫ বছরের কারাদণ্ড দেন, সব মিলিয়ে মোট ১৫ বছর সশ্রম কারাদণ্ড। পাশাপাশি আত্মসাৎ করা ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ৫৬ জন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন ধারায় মোট ১৫ বছরের সাজা দিয়েছেন। পলাতক থাকায় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
হাসিব আল আমিন/আরএআর
