ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের প্রথম দিনেই তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে তার নয়া যাত্রার সূচনা করেছেন।
বিজ্ঞাপন
নতুন ডিসির প্রথম কর্মদিবসের প্রথম প্রহরে (বুধবার ৮ এপ্রিল) তিনি কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। স্কুলের দশম শ্রেণির প্রথম পিরিয়ডে শিক্ষার্থীদের সঙ্গে বসে প্রায় এক ঘণ্টা পাঠদানসহ নানান দিক-নির্দেশনা দেন। এই অনন্য মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই তা ব্যাপক প্রশংসা ও ভাইরাল হয়।
বিদ্যালয়ে উপস্থিত থাকাকালীন তিনি প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। শিক্ষাব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের বিষয়ে তার দৃঢ় প্রতিশ্রুতি দেন। নতুন জেলা প্রশাসক বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করে সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের আশা প্রকাশ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন জানান, নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক স্যার এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তাই তিনি তার দায়িত্ব গ্রহণের প্রথম অফিসিয়াল দিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন। ডিসি স্যার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি-কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ক্লাশ নেন। প্রায় এক ঘণ্টা তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ের ওপর কথা বলেন।
দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, ডিসি স্যার আমাদের ক্লাস নিয়েছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং অনুপ্রেরণামূলক। আমরা আগে কখনও এমন অভিজ্ঞতা পাইনি। তিনি ঘণ্টাখানিক ধরে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। শিক্ষার প্রতি ডিসি স্যারের আগ্রহ আমাদেরকে আরও ভালোভাবে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করছে। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের জন্য এমন সহযোগিতা অব্যাহত থাকবে।
শিক্ষার্থী ওমর বলে, ডিসি স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। তিনি আনন্দ সহকারে পড়িয়েছেন। তার কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম।
বিজ্ঞাপন
পরবর্তীতে ডিসি মোহাম্মদ রফিকুল হক স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেন। দুপুর ১২টায় জেলা স্কাউটসের আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে শেষ হয়।
এসময় স্কাউটস সদস্যরা মাঠের বিভিন্নস্থানে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি মোহাম্মদ রফিকুল হক। এ সময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রেদওয়ান মিলন/এমএএস
