ঝালকাঠিতে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। এখন পর্যন্ত জেলায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ বলে জানিয়েছে ঝালকাঠি জেলা সিভিল সার্জন কার্যালয়।
বিজ্ঞাপন
কার্যালয়ের তথ্য অনুযায়ী আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ পর্যন্ত ২ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা এখনো রেকর্ড হয়নি।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, নতুন শনাক্তদের মধ্যে নলছিটি উপজেলায় সর্বোচ্চ ১১ জন। এছাড়া সদর উপজেলায় ১ জন এবং কাঁঠালিয়া উপজেলায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন। রাজাপুর উপজেলায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় ১৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। একই সময়ে ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ জন।
বিজ্ঞাপন
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, বর্তমানে পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে সতর্কতা জরুরি। শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সারাদেশে গত ৫ এপ্রিল একযোগে ১৮টি জেলা ও ৩০টি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে। এর অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই দিন এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। ১৬ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় প্রায় ২১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
বিজ্ঞাপন
শাহীন আলম/আরকে
