জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কাওনিয়ারচর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলো মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। একইসঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহ জহুরুল হোসেন। অভিযানে কাওনিয়ারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শাহ জহুরুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে কাওনিয়ারচর বাজারের দোকান মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
এএমকে
